নতুন বছরের দ্বিতীয় দিন কলকাতার আকাশ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই জমল মেঘ। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দক্ষিনবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই রকম আবহাওয়া থাকার ফলে ওঠা-নামা করবে তাপমাত্রা।
আকাশে মেঘ জমলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিনবঙ্গে। কিছুটা গরম থাকলেও সকাল ও সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ বিভিন্ন জেলায় চলতি সপ্তাহে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতায় বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.২ ডিগ্রির আশপাশে। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস। তবে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে।










