বারো বছর আগে ৩০ মে দিনটিতেই ইন্ডাস্ট্রিকে ‘অনাথ’ করে চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই শুক্রবার মুক্তি পেল ইন্দ্রদীপ দাশগুপ্তের আসন্ন ছবি ‘গৃহপ্রবেশ’-এর ট্রেলার। সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানও ঋতুপর্ণ ঘোষের টানে হয়ে উঠল ‘ঋতুময়’। প্রয়াত পরিচালকের টানে এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সোনি, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জীতু কমল-সহ প্রায় গোটা টলিউড ইন্ডাস্ট্রি।

‘গৃহপ্রবেশ’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জিতু কমল, সোহিনী সেনগুপ্ত প্রমুখ। ছবিতে ‘তিতলি’ নামে যে চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী, সেই চরিত্রেও রয়েছে ঋতুপর্ণ ঘোষের ছোঁয়া। স্মৃতিচারণা করতে গিয়ে শুভশ্রী জানালেন, “ ঋতুদার সাথে অনেকবার দেখা হয়ে ওঠেনি, ওঁর সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। ওঁকে ভালো করে ছুঁতে পারিনি। মনে পড়ে একটা অনুষ্ঠানে ঋতুপর্ণ ঘোষকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম ।আমার নাম জানতেন। আমার ছবি ‘পরাণ যায় জ্বলিয়া রে’ দেখেছিলেন। সেটার থেকে বড় পাওনা আমার কাছে আর কিছুই হতে পারে না।” এর পাশাপাশি শুভশ্রীর সংযোজন “ইন্দ্রদীপ দাশগুপ্তকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওঁর প্রতি আমি কৃতজ্ঞ। ঋতুদাকে ট্রিবিউট দেওয়ার জন্য এরকম একটা গল্প ভেবেছেন। এই ছবির মুখ্য চরিত্র তিতলিকে আমার মধ্যে খুঁজে পেয়েছেন, সেটার জন্য সারাজীবন ওঁর প্রতি কৃতজ্ঞ থাকব”।পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বললেন “এই ছবিতে আমার সাধ্যমতো ঋতুদাকে শ্রদ্ধার্ঘ্য জানানোর চেষ্টা করেছি।” আগামী ১৩ই জুন বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।










