
ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল ।আহমেদাবাদ থেকে উড়ানের আগেই বাতিল করা হল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। মঙ্গলবার টেকঅফের আগেই বিমানটিতে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে।তার ফলেই বাতিল করা হয়েছে বিমানটি।এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যাত্রীদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে খবর। সেই কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটির।আপাতত কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে রয়েছে বিমানটি। যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ বিমানটি আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বইয়ে যাওয়ার কথা ছিল। সোমবার রাত পৌনে ১টা নাগাদ দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। বোয়িং ৭৭৭-২০০ এলআর বিমানটি কলকাতা বিমানবন্দরে সময় মতোই অবতরণ করে। কিন্তু মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে পারে না।
সূত্রের খবর, কলকাতা থেকে রাত ২টোর সময় বিমানটির মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বিমানটি রওনা হয় না। জানা যায়, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানটির বাঁ দিকের ইঞ্জিনে কিছু প্রযুক্তিগত সমস্যা রয়েছে। ভোর ৫.২০ নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সুরক্ষাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এয়ার ইন্ডিয়ার ওই বিমানটিকে এরপর দমদম বিমানবন্দরে টারম্যাকে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই আছে বিমানটি। বিমানবন্দরে উড়ান সংস্থার কর্মীরা (গ্রাউন্ড স্টাফ) গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রসঙ্গত, গত ১২ জুন অহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। অহমদাবাদ বিমানবন্দর থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে যেখানে এক জন যাত্রী ছাড়া বাকি সকলেরই মৃত্যু হয়।









