কাবেরী নদী থেকে তিনদিন পর অবশেষে উদ্ধার হল ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ’ (আইসিএআর)-এর প্রাক্তন মহাপরিচালক সুব্বান্না আয়াপ্পনের দেহ! কর্নাটকের শ্রীরঙ্গপত্নে একটি আশ্রমের কাছে কাবেরী নদীতে তাঁর দেহ ভেসে ওঠে। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত শনিবার কাবেরী নদীর ধারে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে তাঁর দেহ শনাক্ত করা যায়নি। রবিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানতে পারেন উদ্ধার হওয়া দেহটি আইসিএআর-এর প্রাক্তন মহাপরিচালকের।
মৃত্যু নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনায় তদন্তও শুরু করেছে পুলিশ। কাবেরী নদীর পারে তাঁর স্কুটার পড়ে ছিল। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সেটা যদিও জানা যায়নি। বিজ্ঞানীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে শ্রীরঙ্গপত্ন থানার পুলিশ একটি তদন্তকারী দল গঠন করেছে। সম্ভবত নদীতে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
জানা গিয়েছে, আইসিএআর-এর প্রাক্তন মহাপরিচালক কাবেরী নদীর ধারে ওই আশ্রমে ধ্যান করতে যেতেন। নিখোঁজ হওয়ার দিনও তিনি সেখানেই গিয়েছিলেন কি না, সেটা জানা যায় নি। মৎস্য প্রতিপালন নিয়ে গবেষণার জন্য সুব্বান্না পদ্মসম্মানও পেয়েছিলেন। সুব্বান্নাই প্রথম আইসিএআর প্রধান, যিনি শস্য ছাড়া অন্য কোনও বিভাগের বিজ্ঞানী।










