
শুক্রবার রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত শহরে প্রবেশের আগে বুধবার রাস্তার দু’ধারে উপস্থিত কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন মমতা। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার রথযাত্রা। সেই দিন সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে প্রথমবার দিঘায় রথযাত্রার সূচনা করবেন মমতা। তার দুদিন আগেই বুধবার সেখানে পৌঁছে গেলেন তিনি। তাঁর আসার খবরে সাজসাজ রব গোটা দিঘা জুড়ে।
মমতার দিঘায় প্রবেশের আগেই তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই ধারে প্রচুর কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত হন। তা দেখে কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করিয়ে নিজেই গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল সুপ্রিমো। কর্মীদের সঙ্গে দেখা করেন। তারপর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে জনতা। জনসংযোগের মাঝে মারিশদা থানায় যান মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, রথ শুক্রবার হলেও তার দুদিন আগেই দিঘায় পৌঁছেছেন মমতা। সূত্রের খবর, সমস্ত দিক খতিয়ে দেখবেন তিনি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। দিঘার জগন্নাথ মন্দিরে এখন থেকেই ভিড় জনসাধারণের। রথের দিন যাতে কোনও সমস্যা তৈরি না হয় তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য দিঘার জগন্নাথধাম সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন অনসর পর্বের পর আগামিকাল, বৃহস্পতিবার থেকে জগনাথ দর্শন
করেত পারবেন ভক্তরা। বৃহস্পতিবার সকালে হবে নেত্র উৎসব।বিকালে হবে রশি পুজো ।সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।










