
অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের স্বামী। পাশাপাশি অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় নাম। নির্মল কুমার অভিনীত ১৯৬৯ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘কমললতা’-তে এক মুসলমান কবি ‘গহর গোঁসাই’-এর চরিত্রটি বহুল প্রশংসিত। সূত্রে খবর বর্ষিয়ান অভিনেতা নির্মল কুমারকে গত বৃহস্পতিবার ১২জুন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ের ধমনী সরু হয়ে যাওয়ায় রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিত ক্রমেই জটিল হতে থাকে। এরপরই চট জলদি বর্ষিয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলেই খবর। যদিও তাঁর বয়স এখন ৯৬ বছর। বয়সজনিত কারণেও তাঁর বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে।প্রসঙ্গত, অভিনেতা নির্মল কুমার চক্রবর্তী বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা।তিনি বহু ব্যবসায়িকভাবে সফল ছবিতে অভিনয় করেছেন। যেমন, ‘উপহার’, ‘কাহিনী’, ‘ক্ষণিকের অতিথি’, ‘লালপাথর’, ‘আদালত ও একটি মেয়ে’ প্রভৃতি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। যদিও একটা সময়ের পর তিনি সিনেপাড়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ঘনিষ্ঠজনেরা উদ্বেগ প্রকাশ করছেন। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।









