ভোটগণনা শেষ হতেই কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার। বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সরব হয়েছিলেন এই নিয়ে। এবার তাঁকেই কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন, ‘মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল।’
মীনাক্ষী বলেন. “আসলে এটা বিজয়োল্লাস নয়, এটা গুন্ডাগিরি। পশ্চিমবঙ্গে এই গুন্ডারাজ সরকারি মদতে চলছে।” কুণালও বলেন, “এটা ঘটনা অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী তীব্র বিষয় নিন্দা করেছেন। পুলিশ পদক্ষেপ করছে। কাল রাত পর্যন্ত চার জন গ্রেফতার হয়ে গিয়েছে। কোন দল, কে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত।”
কুণাল ঘোষ বলেন, “সিপিএম বা বিজেপি বা কংগ্রেস, যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএমের গুলিতে মৃতদেহ পড়েছিল, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। মীনাক্ষী মুখোপাধ্যায় কি জানেন, ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল। তারপর এসব নিয়ে কথা বলতে আসেন। যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে, শাস্তি হোক.. আবার যদি কেউ জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে, বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে, সেটারও তদন্ত হোক। খারাপ ঘটনা ঘটলে, তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূলের পুলিশই তার ব্যবস্থা নেয়।”










