দিঘার জগন্নাথ মন্দিরে এবার প্রথম পালিত হবে রথযাত্রা। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন এবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। দিঘার রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে রাজ্য পুলিশের পাশে এবার থাকবে কলকাতা পুলিশ। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা। যারা যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সার্জেন্ট সুমন বেড়া, সলিল দুয়ারী, প্রকাশ সাউ, সৌজন্য ব্যানার্জি, প্রতাপ মুখার্জী, ত্রিভুবন নারায়ণ মন্ডল, শান্তনু নায়েক, এমডি, শাদাব, বিভান মল্লিক, রথীন্দ্র নাথ লায়েক।
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এই দশ জন সার্জেন্টকে আজ পাঠানো হচ্ছে দিঘায়। ২৫ তারিখ সকালে কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে নিজেদের গাড়ি (বাইক) নিয়ে রওনা হওয়ার কথা এই দশজন সার্জেন্টের। আগামী ২৭ জুন পর্যন্ত তাঁরা দিঘাতেই ডিউটি করবেন বলে জানা গিয়েছে। রথযাত্রা উৎসবে এবার মুখ্যমন্ত্রী নিজে দিঘায় উপস্থিত থাকবেন। এছাড়া প্রচুর ভক্ত সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে। যানজট এড়িয়ে সুষ্ঠভাবে যাতে ট্রাফিক পরিচালিত হয় সেই উদ্দেশ্যে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, যে দশজন সার্জেন্ট আজ যাচ্ছেন দিঘায়, তাঁরা ২৮ তারিখ কলকাতায় ফিরবেন। এই আধিকারিকরা আজ দুপুরের মধ্যেই সকলেই নিজেদের বাইক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট করবেন আজ দুপুরের মধ্যেই।










