
ত ৫ মে এন্টালিতে ট্যাক্সি থেকে আড়াই কোটি টাকা লুট হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ছ’জনকে গ্রেফতার করে। এবার সপ্তম ব্যক্তিকেও গ্রেফতার করল পুলিশ। কিন্তু এই ব্যক্তি খোদ কলকাতা পুলিশের কনস্টেবল। ধৃত কনস্টেবলের নাম মিন্টু সরকার। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল পদে কর্মরত এই কনস্টেবল। মিন্টিুর বাড়ি দক্ষিণ দিনাজপুরের জয়পুর। মঙ্গলবার রাতে তাঁকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ডাকাতির ঘটনায় ধৃত ছ’জনকে জেরার ফলেই পুলিশ কনস্টেবল মিন্টুর নাম উঠে আসে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে মিন্টু নিজের অপরাধ স্বীকার করেছে। গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দুই কর্মী ট্যাক্সিতে করে দু’কোটি ৬৬ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন। মাঝ রাস্তায় একপ্রকার জোর করে ট্যাক্সিতে দু’জন উঠে পড়ে। কামারডাঙার নির্জন এলাকায় নিয়ে গিয়ে দুষ্কৃতীরা টাকা লুট করে পালিয়ে যায়। ওই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।









