শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ইডি মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু এখনই জেল মুক্তি হচ্ছে না তাঁর।
এর আগে স্কুলে গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাটিতে জামিন পেয়েছিলেন কল্যাণময়। কিন্তু সেবারও জেলমুক্তি হয়নি। সকালে জামিন পেলেও, সেই রাতে অন্য এক মামলায় গ্রেফতার হন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই গ্রেফতার দেখায় কল্যাণময়কে। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তদন্তকারী সংস্থা কল্যাণময়কে ‘গ্রেফতার’ হিসাবে দেখায়। একাধিক গুরুতর অভিযোগ ওঠে কল্যাণময়-সহ একাধিক প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে।
সিবিআই ও ইডি দুই সংস্থাই পুরোদমে সেই নিয়োগের তদন্ত করছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় ছাড়াও অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে। কল্যাণময় সরকারি পদ ব্যবহার করে দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। কিন্তু বর্তমানে তিনি ওই পদে নেই।










