প্রেমিকা জিয়া খানের আত্মহত্যায় ‘প্ররোচনা দেওয়া’র অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সুরজ পঞ্চোলিকে। বর্তমানে নতুন করে কেরিয়ারে ফোকাস করেছেন আদিত্য পাঞ্চোলির পুত্র। সম্প্রতি এক পডকাস্ট শোয়ে হয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের জেলবন্দি জীবনের ভয়ানক অভিজ্ঞতা ভাগ করলেন তিনি।
নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, ‘সব কিছুই যেন ধোঁয়াশার মতো। আমি তখন মাত্র ২১ বছরের ছিলাম। আমাকে অর্থার রোড জেলে পাঠানো হয়েছিল এবং ‘আন্ডা সেল’ (একক কারাবাসের কক্ষ)-এ রাখা হয়েছিল। আমি সেই কক্ষে ছিলাম, যেখানে কসাবকে রাখা হয়েছিল। আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছিল, যেন আমি বোমা বিস্ফোরণ ঘটিয়েছি।’
সুরজ আরও বলেন, ‘আমার কাছে কোনো বালিশও ছিল না। আমি খবরের কাগজের উপর শুয়ে থাকতাম। আমার সঙ্গে এমন ব্যবহার করা হত, যেন আমি কোনো ভয়ঙ্কর অপরাধ করেছি। আমি একটুও বাড়িয়ে বলছি না। চার-পাঁচ বছর পর বুঝতে পেরেছি, আমার উপর কী অত্যাচার হয়েছিল। আমার মনে হত যেন কোনও দুঃস্বপ্ন। সিবিআই তদন্ত হয়েছিল। আমাকে ‘আন্ডা সেল’-এ রাখা হত। ওখানে থাকা খুবই কঠিন ছিল।’
উল্লেখ্য সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ছিল। তাঁকে ২০ দিন কারাগারে কাটাতে হয়েছিল। প্রমাণের অভাবে ২০২৩ সালে তাকে অভিযোগমুক্ত করা হয়।










