রবিবার ভোরে কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার। ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই ঘটনায়। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে হঠাৎ করেই ভেঙে পড়েছে হেলিকপ্টারটি।
গুপ্তকাশী যাওয়ার পথে কেদারনাথ ধামের কাছেই দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোর ৫টা নাগাদ ৭ জন যাত্রী ও পাইলটকে নিয়ে কপ্টারটি ওড়ার কিছুক্ষণ পরই নীচে নামতে শুরু করে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সাড়ে ৫টা নাগাদ গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে। মৃতদের মধ্যে একটি শিশুও ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানান যায়নি তবে কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এমতাবস্থায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ”অত্যন্ত দুঃখজনকভাবে, আজ সকালে আরেকটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। মিডিয়ার সূত্রে খবর, এবার উত্তরাখণ্ড থেকে, কেদারনাথ – গৌরীকুণ্ড – গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়া হেলিকপ্টারটিতে একটি শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। উদ্ধারকাজ ও অনুসন্ধান অভিযান চলাকালীন হেলিকপ্টারে থাকা প্রত্যেকের জন্য আমার প্রার্থনা ও সহানুভূতি রইল।”










