
সোমবার দুপুরে উত্তরপ্রদেশের অমরোহা জেলায় এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় চার মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিন রজবপুর থানা এলাকায় আত্রাসি গ্রামের ওই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও নয় জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ হয়েছে, সেটা যদিও এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, সোমবার দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বাজি কারখানার একটি অংশ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। অমরোহা জেলা পুলিশ এই প্রসঙ্গে জানায়, আত্রাসি গ্রামে লাইসেন্সপ্রাপ্ত একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চার জন মহিলার দেহ পাওয়া গিয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আরও একবার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন বিদ্যুৎ দফতর, অমরোহার অতিরিক্ত পুলিশ সুপার এবং দমকল বিভাগের আধিকারিকেরা। তবে আগে থেকেই কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না সেই নিয়েও কাঠগড়ায় যোগী প্রশাসন। সাধারণ মানুষের জীবনের মূল্য কী তবে নেই যোগী প্রশাসনের কাছে?









