দিল্লির (Delhi) রাউস অ্যাভিনিউ আদালতের এক বিশেষ বিচারক ও কোর্ট কর্মীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্তদের জামিন দেওয়ার বদলে এই ঘুষ চেয়েছেন তিনি এমনটাই বলা হয়েছে। অভিযোগ সামনে আসার পর দুর্নীতি দমন শাখা আদালতের কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এরপরেই ওই অভিযুক্ত বিচারককে অন্য আদালতে বদলি করা হয়েছে।
এই বছর ২৯ জানুয়ারি দিল্লি সরকারের আইন, বিচার ও পরিষদ বিষয়ক বিভাগের প্রধান সচিবকে চিঠি লিখেছিল দুর্নীতি দমন শাখা। অভিযুক্ত বিচারক ও কোর্ট কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমতি চেয়ে সেই চিঠিটা দেওয়া হয়। ১৪ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়ে বলে, বিশেষ বিচারকের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। তবে হাইকোর্ট দুর্নীতি দমন শাখাকে তদন্ত চালিয়ে যেতে বলা হয়।
গত ১৬ মে এই মামলায় কোর্ট কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুর্নীতি দমন শাখা। ২০ মে বিশেষ বিচারককে রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে অন্য আদালতে বদলি করা হয়। দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রারকে এই নিয়ে একাধিক প্রশ্ন করা হলেও কোনও প্রশ্নের জবাব তিনি এখনও দেননি।










