তেলঙ্গানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে খবর। কিন্তু কীভাবে এত বড় বিস্ফোরণ হল সেটা এখনও অজানা।
সূত্রের খবর, সিগাচি ইন্ডাস্ট্রিজ নামে একটি সংস্থা হায়দরাবাদে একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খুলেছে আর সেখানেই হঠাৎ এই দুর্ঘটনা ঘটেছে। সঙ্গারেড্ডি জেলার পাশামাইলারাম শিল্পাঞ্চলে সিগাচি কেমিক্যালসে একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ হয়। দাহ্যবস্তু হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যাও বহু। দমকলের ২ টি ইঞ্জিন এবং একাধিক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। জানা যাচ্ছে, তেলের ট্যাঙ্কারটি এলপিজি সিলিন্ডার ভরা ট্রাকের খুব কাছে বিপজ্জনকভাবে দাঁড় করানো ছিল। সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় । দমকলের তরফে জানানো হয়েছে ট্যাঙ্কারের ব্যাটারিটি প্রথমে ফেটে যায়। সেখান থেকেই গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। নিমেষেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। তবে দমকল বাহিনীর তৎপরতাতে বড় বিপদ এড়ানো গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। চেরলাপল্লী ফায়ার স্টেশন থেকে একটি দমকল ইঞ্জিন কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারপর আরও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।










