নীতীশ কুমার পরিচালিত বিহারে বিজেপি (bjp) সভাপতি দিলীপ জয়সওয়ালের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানের রক্তাক্ত দেহ উদ্ধার। বন্ধ ফ্ল্যাট থেকে তাঁর উদ্ধার হয়। তাঁর শরীরে ছিল গুলির চিহ্ন। তবে সেটা খুন না আত্মহত্যা, সেই নিয়ে এখনও দ্বন্ধে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই জওয়ান নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন।
পটনার এমএলসির ফ্ল্যাট নম্বর ২১ থেকে আশুতোষ মিশ্র নামের ওই নিরাপত্তাকর্মীর দেহ পাওয়া গিয়েছে। বয়স আনুমানিক ৪৫ বছর। পাশের ফ্ল্যাটেই থাকেন বিজেপি সভাপতি। এতবড় ঘটনা ঘটে গেল কিন্তু বিজেপি নেতা কিছুই টের পেলেন না সেই নিয়ে উঠছে প্রশ্ন। ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেহের পাশ থেকে একটি রিভলভার উদ্ধার হয়েছে যেটা তিনি ব্যবহার করতেন। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।










