জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর পরই উধমপুরে সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। এনকাউন্টারে ছিলেন ৬ প্যারা এসএফ-এ কর্মরত ঝন্টুও। জঙ্গিদের গুলি এসে লাগে তাঁর গায়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তাঁকে সরাসরি ফোন করতে বলেছেন মুখ্যমন্ত্রী। পাশে আছেন সাংসদ মহুয়া মৈত্র। শেষ শ্রদ্ধা জানাতে পরে সেখানে হাজির হন মহুয়া।
শুক্রবার জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয় ঝন্টুকে। গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছোয় তাঁর দেহ। সেখান থেকে সকালে দেহ নিয়ে আসা হয়েছে নদিয়ায়। শহিদ ঝন্টুকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছে গোটা গ্রাম। বহু মানুষ তাঁদের বাড়ির সামনে এবং ইদগাহ ময়দানে জড়়ো হতে শুরু করেছেন। ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি, আইএসএফও। জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।










