স্বামীকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ভয়ে ১০ হাজার টাকা পাঠালেন অপহরণকারীদের তাঁর স্ত্রী। অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন। মাত্র ৩-৪ ঘণ্টায় অপহরণের কিনার করল ভবানীপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ অপহরণকারীকে। ভবানীপুর থানার পুলিশ এই ঘটনার বিষয়ে জানিয়েছে, শুক্রবার ৩০ মে তাপসী মজুমদার নামে এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন তাঁর স্বামী তিমিরকান্তি মজুমদারকে অপহরণ করা হয়েছে। বুধবার ২৮ মে নেতাজি ভবন মেট্রো স্টেশনের সামনে থেকে তাঁকে অপহরণ করা হয়। এরপরে ভদ্রলোকের ফোন থেকে তাঁর স্ত্রীকে হোয়াটসঅ্যাপ কল করা হয়। ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। UPI মাধ্যমে মুক্তিপণের টাকা দেওয়ার জন্য বলা হয়।
পুলিশ ওই UPI-র সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি খতিয়ে দেখে নম্বরের মালিকের খোঁজ পায়। দ্রুত ভবানীপুর থানার পুলিশের একটি দল যাদবপুর এলাকায় পৌঁছে সুকান্ত সেতুর সামনে ওই ব্যক্তিকে ধরে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গীদের খোঁজ পায় পুলিশ। যাদবপুরের একটি আবাসনে হানা দিয়ে অপহৃত ও অপহরণকারীদের পাওয়া যায়। ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, ধৃতদের নাম সজল বোস, সুদীপ মজুমদার, সুমন বোস, সমীর কুমার দেব ও সন্দীপন দাস। পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তি পেশায় লোন এজেন্ট।










