বিনোদন জগতে কাস্টিং কাউচের গল্প একেবারেই নতুন নয়। এবার তেমনই এক অদ্ভুত ঘটনার কথা সামনে আনলেন ‘গল্লি বয়’-এর ‘রাজিয়া আহমেদ’ অর্থাৎ অভিনেত্রী অম্রুতা সুভাষ। দুই প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এর মধ্যে একটি অম্রুতা যখন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তখনকার ঘটনা। অম্রুতার অভিযোগ,নাট্য জগতের এক বড় প্রযোজক তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। আরেকবার গভীর রাতে মদ্যপানের জন্য অম্রুতাকে ডেকে পাঠিয়েছিলেন আরও এক প্রযোজক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অম্রুতা বলেন, ‘আমি তখন নাটক করতাম। একবার এক নাটকের প্রযোজক আমায় ডেকে পাঠালেন। আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম। তাই হয়তো আমার টপটা একটু উপরে উঠেছিল… বুঝলাম কোমরের কাছে একটা হাত এগিয়ে এসেছে। আমি তখনই ঘুরে দাঁড়ালাম, তিনি অনেক বড় প্রযোজক ছিলেন। আমি ওঁর দিকে তাকিয়ে বললাম, আপনি এইমাত্র কী করলেন? এটা কী? প্রযোজক বলেন, আমার টপটা উঠেছিল তাই…। আমি তৎক্ষণাৎ বললাম, এটা আপনার একেবারেই করা উচিত হয়নি। ওখানে আপনার স্পর্শ করার সাহস কীভাবে হয়?’
অম্রুতা আরো জানান, ওই প্রযোজক বহুদিন ধরে কাজ করছেন, বয়স্ক এবং বেশ পরিচিত মুখ। তবে এরপরেও এর ফলাফল কী হবে তা নিয়ে মাথা ঘামাননি অভিনেত্রী। সকলেই ভেবেছিলেন তাঁর কাজ চলে যাবে। অম্রুতার কথায়, ‘নিজেই যদি নিজের জন্য প্রতিবাদ না করেন, তাহলে আর কে করবে!’
এর পাশাপাশি আরও একটা ঘটনার উল্লেখ করে অভিনেত্রী বলেন, একজন বর্ষীয়ান চিত্র পরিচালক তাঁকে গভীর রাতে মদ্যপানের জন্য ডেকে পাঠান। অভিনেত্রী তখন নির্ভয়ে তাঁর ঘরের দরজা ঠেলে ঢুকে পড়েন। বলেন, ‘স্যার, আপনি তো আমার বাবার বয়সী। আপনি আমাকে এসব কী বলছেন? আপনার সমস্যাটা কোথায়?’
অভিনেত্রী জানান, তিনি ঠান্ডা মাথায় চোখে চোখ রেখে গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন।










