
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে ‘গোপাল পাঠা’ ওরফে গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন সৌরভ দাস। ট্রেলারে সেই ঝলক ইতিমধ্যেই মিলেছে। এরপরই প্রশ্ন ওঠে, বাংলা বিরোধী স্ট্র্যাটেজি মূলক সিনেমায় কেন তিনি অভিনয় করেছেন? এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ‘একবছর আগেই টলিউড অভিনেতা সৌরভ দাসকে সরিয়ে দেওয়া হয়েছে দল থেকে। সৌরভের বিরুদ্ধে আচরণগত কিছু অভিযোগ নেতৃত্বের কাছে জমা পড়েছিল। তার পরিপ্রেক্ষিতেই দল দূরত্ব তৈরির সিদ্ধান্ত নেয়। সৌরভ কখনোই সক্রিয়ভাবে সংগঠন করেননি। দু-একটি নির্বাচনে তাঁর আগ্রহেই প্রচারে এসেছিলেন। দল একাধিক শিল্পীকে প্রার্থী করলেও সৌরভকে করেনি’। এখন জানা যাচ্ছে, এক বছর আগেই দল পুরোপুরি তাঁকে দূরে সরানোর সিদ্ধান্ত নেয়। ফলে এর মধ্যে কোনও যোগাযোগ ছিল না। এখন রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসামূলক একটি সিনেমাতে সৌরভ যুক্ত বলে খবর।তৃণমূলের তরফে আরও জানানো হয়েছে, ‘এক বছর আগেই অন্য কিছু কারণে সৌরভকে দলের বৃত্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন নতুন করে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আসে না’। সূত্রের খবর, ‘দলের সংগঠন, নিয়মকানুনে সৌরভ মানেননি। আর তার বাইরে অন্য কিছু অভিযোগও দল পেয়েছিল। তাই অভিনেতাকে পুরোপুরি দলের গন্ডি থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। তারপরেই তিনি বাংলার বিরুদ্ধে কুৎসামূলক রাজনৈতিক অপপ্রচারের উদ্দেশ্যে তৈরি সিনেমার সঙ্গে জড়ান’ বলে অভিযোগ।









