সুপ্রিম কোর্ট প্রশাসন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বাংলো খালি করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। অবসরের পরেও এই বাংলোতেই থাকছেন প্রাক্তন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট প্রশাসন এদিন এই চিঠিতে লিখেছে, যে সময়সীমার জন্য ডিওয়াই চন্দ্রচূড়কে সেই বাংলোতে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সেই সময়সীমায় পার হয়ে গিয়েছে। একই সঙ্গে চিঠিতে বাংলো খালি করে আদালতের হাউজিং পুলে ফেরত দেওয়ার কথা জানিয়ে দেওয়া হল। ১ জুলাই আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে এই চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির লুটিয়েন্সের কৃষ্ণ মেনন মার্গে অবস্থিত ৫ নম্বর বাংলোটি অবিলম্বে খালি করতে হবে বলে জানানো হয়েছে। বাংলোটি সরকারিভাবে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির বাসভবন।
সুপ্রিম কোর্টের চিঠিতে লেখা হয়েছে, ডঃ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে ৫ নম্বর বাংলো থেকে খালি করতে হবে। ২০২৫ সালের ২১ মে এই বাংলোয় থাকার অনুমতির মেয়াদ শেষ হয়েছে। ২০২২ বিধিমালার বিধি ৩বি-এর অধীনে ছয় মাসের সময়সীমা ১০ মে, ২০২৫-এ শেষ হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ভারতের ৫০তম প্রধান বিচারপতি ছিলেন। মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস পেরিয়ে গেলেও তিনি এখনও টাইপ এইট বাংলোয় বসবাস করছেন।
তাঁর পরে প্রধান বিচারপতি হওয়া বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই প্রধান বিচারপতির সরকারি বাসভবনে যাননি। দু’জনেই তাঁদের পূর্বের বরাদ্দ বাংলোতে থাকেন। বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যক্তিগত পরিস্থিতির কথা জানান।










