রবিবার সকালে রক্তাক্ত বেহালার শখেরবাজার। মদ্যপান ঘিরে গোলমাল আর তার থেকেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও তাঁর বাবার বিরুদ্ধে। সখেরবাজার সুপারমার্কেটের সামনে সকাল ৭টা নাগাদ ঘটনাটি হওয়ার পর বাপি হালদার নামে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে তিন বন্ধুর সঙ্গে বাপি হালদার শনিবার সারারাত মদ্যপান করেন। ভোরের দিকে সখেরবাজারের সুপার মার্কেটের সামনের চায়ের দোকানে চা পান করেন। সেখানেই তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়। সেইখানেই এক বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। দুজনে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিশেষ করে ওই বন্ধুর বাবা বাপিকে লাথি মারে ও মাথা দেয়ালে ঠুকে দেন। সকাল সাতটার সময় এলাকায় অনেকেই ছিল। তাঁরা বিষয়টি বুঝে এগিয়ে আসার আগেই বাপি অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের বন্ধু ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়।










