রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। হঠাৎ করেই রথের সামনে ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কির ফলে অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন।
এখন পর্যন্ত তিনজন ভক্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন খুরদা জেলার বাসিন্দা প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সি প্রেমাকান্ত মহান্তি। তবে ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। কয়েকজনের অবস্থা রীতিমত আশঙ্কাজনক। আহতদের অ্যাম্বুলেন্সে পুরী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এদিন শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে ‘শারধাবলী’ নামক এলাকায় রথের সামনেই ছিল হাজার হাজার ভক্ত। রথে বসে ভগবানের দর্শন পেতে ভিড় কিছুক্ষনের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তার ফলেই চরম বিপদের মুখে পড়েন ভক্তরা।
প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসেন রথযাত্রার সময়। শ্রীমন্দির থেকে ভগবানকে নিয়ে যাওয়া হয় শ্রী গুন্ডিচা মন্দিরে, যেখানে তিনি কয়েক দিন থাকেন। এবার সেই পথেই ঘটল একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। তাছাড়া রথের নির্ধারিত দিনে এইবার পুরীতে গন্তব্য তো দূর, নাড়ানোই যায় নি জগন্নাথ দেবের রথ। সবমিলিয়ে বারংবার চোখের সামনে উঠে আসছে প্রশাসনের গাফিলতি।










