
রীতি মেনে পনেরো দিন নিভৃতবাসে থাকার পর রথযাত্রার প্রাক্কালে বৃহস্পতির ভোরে ভক্তদের দর্শন দিলেন মহাপ্রভু জগন্নাথ।সৈকত শহর দিঘার মন্দিরে উপচে পড়া ভিড়। সকালে নেত্র উৎসবের মধ্যে দিয়ে নববেশে সেজে ভক্তদের সামনে ধরা দিলেন জগন্নাথ- বলরাম- সুভদ্রা।
এদিন সকাল ৬টা নাগাদ খুলে যায় মূল মন্দিরের প্রবেশদ্বার। ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হচ্ছে ভক্তদের। প্রধান ফটক দিয়েও যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। চূড়ান্ত প্রস্তুতি চলছে জগন্নাথের মাসির বাড়িতেও। সকালে মঙ্গলারতি এবং প্রতীকী স্নানের পর দেবতাকে ৫৬ ভোগ নিবেদন করা হবে বলে দিঘার জগন্নাথধাম মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে। স্নানযাত্রার পর অনসরে ছিলেন প্রভু জগন্নাথ। সেই পর্ব কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দিঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেখা দিলেন ভক্তদের। মন্দির সূত্রে খবর, ভোর চারটে নাগাদ ঘুম থেকে তোলা হয়েছে প্রভু জগন্নাথকে। এরপর প্রতিকী স্নান করিয়ে জগন্নাথ ও তার ভাই বোনেদের নতুন পোশাক পরিয়ে সাজিয়ে তোলা হয়। মঙ্গল আরতির মাধ্যমে জগন্নাথ দর্শনের জন্য খুলে যায় গর্ভগৃহের দরজা। ১৫ দিন পরে বৃহস্পতিবারই প্রথম চালের ভোগ অর্পণ করা হবে জগন্নাথকে।দুপুরে ৫৬ ভোগে থাকছে এলাহী আয়োজন। বিকেলে রশি পুজোয় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবারই দিঘায় পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশী ইসকন ভক্তরা রথের আচার বিধিতে অংশ নেওয়ার জন্য হাজির হয়েছেন সৈকত শহরে। অগণিত ভক্ত সমাগমে তৈরি হওয়া ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।









