
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহেই উত্তরপ্রদেশের হারদোই এলাকাতে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন এক যুবক। অভিযুক্ত যুবকের নাম রাম খেলাবন। পুলিশ তাঁকে ইতিমধ্যেই আটক করেছে । তরুণীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনার দিন বছর ২৫-এর ওই তরুণী গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাম খেলাবন সেই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে বলে দাবি করছেন। এদিন তরুণীকে অনুসরণ করেন তাঁর স্বামী। তিনি বলেন, প্রেমিকের বাড়িতে গিয়ে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এরপরই শুরু হয় দু’জনের মধ্যে বচসা। হঠাৎ স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাম খেলাবন এবং তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন। তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
হরিওয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে হারদোই মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তরুণীর আঘাত বেশ গুরুতর তাই উন্নতমানের চিকিৎসার জন্য লখনউয়ে তাঁকে রেফার করা হয়। ঘটনা প্রসঙ্গে হারদোই জেলার অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ধরণের আক্রমণ করা হয়েছে। অভিযুক্ত রাম খেলাবনকে আটক করে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।









