হিমাচল প্রদেশের শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ব্যক্তিগত কাজেই শিমলায় রয়েছেন সোনিয়া গান্ধী। সেখানে ছারাবরায় গান্ধী পরিবারের ব্যক্তিগত বাসভবন ছিলেন তিনি। রবিবার তাঁর দিল্লি ফেরার কথা। তবে তিনি কিছুটা অস্থিরতা অনুভব করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর মেডিক্যাল পরীক্ষা করছেন। আইজিএমসির একজন প্রবীণ চিকিৎসক জানিয়েছেন যে সোনিয়া গান্ধীকে চেকআপের জন্য হাসপাতালে আনা হয়েছিল এবং তাঁর সম্পূর্ণ মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রক্তচাপ কিছুটা বেশি ছিল, তবে তিনি স্থিতিশীল আছেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল অ্যাডভাইজার নরেশ চৌহান জানিয়েছেন, চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসপাতালে পৌঁছেছেন হিমাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ধনি রাম শান্ডিল ও মুখ্যসচিব প্রবোধ সাক্সেনা। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দু’দিনের সফর সংক্ষিপ্ত করে সিমলায় ফিরেছেন।










