
বিকানের সফরে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার তিনটি স্টেশন সেই তালিকায়। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর প্রথমবার রাজস্থানে প্রধানমন্ত্রী।
পশ্চিম বর্ধমানের পানাগড়, উত্তর চব্বিশ কল্যাণী-ঘোষপাড়া, পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়- এই তিনটি ‘অমৃত ভারত’ স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদী বলেন, ‘গত ১১ বছরে রেল পরিষেবায় অভূতপূর্ব গতি এসেছে। দেশে এখন ৭০ টি রুটে বন্দে ভারত চলছে। এক হাজার ৩০০-র বেশি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে। শতাধিক অমৃত ভারত স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়েছে। ৩৪ হাজারের বেশি নতুন রেলট্র্যাক তৈরি হয়েছে। বুলেট ট্রেন প্রজেক্টের কাজ চলছে।’ উত্তর ভারতের চেনাব ব্রিজ, পশ্চিমে অটল সেতু, দক্ষিণে পামবান সেতু আলাদা মাত্রা আনবে বলে মনে করছেন মোদী।
পহেলগামে পর্যটকদের ওপর নৃশংস হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘২২ এপ্রিল বেছে বেছে খুন করা হয়েছে। পহেলগামে সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত। সন্ত্রাসবাদীদের মাটিতে মিশিয়ে দেওয়ার সংকল্প নিয়েছিলাম। দেশবাসীদের আশীর্বাদে সংকল্প পূরণ হয়েছে। কেন্দ্র তিন বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছিল। ভারতীয় সেনার চক্রব্যুহে মাথা নত করেছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’ পাকিস্তানকে ভারতের রুদ্ররূপ দেখিয়েছে। সিঁদুর বারুদে পরিণত হলে কী হয়, দেখেছে শত্রুরা। ২২-এর হামলার জবাব ২২ মিনিটে দিয়েছি।”
আগামী সপ্তাহে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার জেলায় জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। বিধানসভা নির্বাচনের কয়েকমাস দেরি আছে তবু আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রচারপর্ব।









