
অন্ধ্রপ্রদেশে দ্বারাপুড়ি গ্রামে মহিলা মণ্ডল অফিসের কাছে একটি গাড়ির ভিতরে আটকে পড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার শিশুর। ওই এলাকায় বাচ্চারা খেলছিল। খেলার ছলেই হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে চারজন ঢুকে পড়ে। কিন্তু গাড়ি লক হয়ে যাওয়ায় আর বাইরে বেরোতে পারেনি তারা। মৃত চার শিশুর বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে।
পুলিশের তরফে খবর ১০ বছরের কম বয়সী চারজন শিশু খেলতে খেলতে পার্ক করা একটি গাড়িতে ঢুকে পড়ে। গাড়ির দরজা বন্ধ ছিল, যার ফলে তারা ভেতরে আটকা পড়ে। সকাল থেকে শিশুদের দেখা না পাওয়ার পর তাদের বাবা-মা তাদের খোঁজে তল্লাশি শুরু করলে ঘটনাটি প্রকাশ্যে আসে। অবশেষে, স্থানীয় মহিলা মণ্ডলী অফিসের কাছে পার্ক করা একটি গাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। রবিবার সকালে উদয় (৮), চারুমতী (৮), চারিষ্মা (৬) এবং মনস্বী (৬) খেলতে বেরিয়েছিল। চারুমতী এবং চারিষ্মা বোন ছিল, অন্য দুজন তাদের বন্ধু ছিল। অনেকক্ষণ ধরে বাড়ি না ফেরার পর, তাদের বাবা-মা তাদের খোঁজ শুরু করে। ওই এলাকায় পার্ক করা গাড়ির দরজা বন্ধ না থাকায়, শিশুরা দরজা খুলে গাড়িতে বসে পড়ে। এরপর দুর্ঘটনাক্রমে দরজা বন্ধ হয়ে যায়, ফলে তারা ভেতরে আটকা পড়ে যায়। দমবন্ধ হয়ে চারজনেরই মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই রীতিমতো আতঙ্কে প্রতিবেশীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের প্রতি অভিভাবকদের দেখভালের বিষয়ে প্রশ্ন উঠছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।









