বর্তমান পরিস্থিতিতে সীমান্তে চরম উত্তেজনা। সব সীমান্তে কড়া নজরদারি চলছে। বাংলার সীমান্তে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। ‘চিকেনস নেক’ নিয়ে বেশি চিন্তায় সকলেই। তাই নিরাপত্তাজনিত কারণে এবার ড্রোন উড়িয়ে ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ।
বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুতেই সাধারণ মানুষ ড্রোন উড়িয়ে ছবি তোলেন। এই পরিস্থিতিতে নাশকতামূলক উদ্দেশ্যে ড্রোন উড়িয়ে চরবৃত্তি করা হতে পারে তাই রবিবার নিষেধাজ্ঞা জারি করেছে দার্জিলিং জেলা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এবার থেকে ড্রোন ওড়াতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে।
শিলিগুড়ি হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বহু পর্যটক সারা বছর ধরেই এখানে যান। অনেকেই ড্রোন ব্যবহার করে প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলে থাকেন আবার অনেকে শ্যুটিংয়ের কাজে যান। তবে এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা চিন্তা করেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।










