পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারানো বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে নাগরিকত্ব দিয়েছে ভারত সরকার। শনিবার একটি সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান , “বিতানবাবুর স্ত্রীকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। বিবাহসূত্রে বহু আগেই তিনি নাগরিকত্বের আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদনকে স্বীকৃতি জানিয়েছে সরকার। তাই আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। বিতানবাবু ও তাঁর স্ত্রীর ধর্ম জেনে, তাঁর মাথার সিঁদুর দেখে খুন করা হয়েছিল। ভারত সরকার তাঁকে নাগরিকত্ব দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।”
কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়েছিলেন বিতান ও তাঁর স্ত্রী এবং ছোট সন্তান। সেখানেই জঙ্গিরা গুলি করে খুন করেন বিতানকে। কলকাতায় ফিরে আসার পরই স্বামীহারা সোহিনী জানান স্বামী হিন্দু বলেই খুন করেছে এই জঙ্গিরা। এরপর থেকেই রাজনীতি শুরু হয়। ছেলের মৃত্যুর পরপরই বিতানের পরিবার দাবি করেন, বৌমা বাংলাদেশি। ভারতীয় পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি রয়ে গিয়েছেন। এর মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন সোহিনীকে ভারতের নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার।
যুদ্ধের আবহেই অবশেষে নাগরিকত্ব পেলেন সোহিনী। তবে সেটা কতটা যথোপযুক্ত হল সেই নিয়ে চাপানউতোর চলছেই।










