কলকাতায় (Kolkata) বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় ফের আগুন। আজ, শনিবার দুপুর ১২ টা নাগাদ কালো ধোঁয়া বেরোতে থাকে। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। কিন্তু কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, ট্রান্সফর্মার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে।
জানা যাচ্ছে, ধাপার কাছে একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণ হয়ে আগুন লাগে। সেই থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।এলাকায় টায়ার, প্লাস্টিক-সহ বিভিন্ন ধরনের বস্তু মজুত ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এর ফলেই। মাঝে মধ্যে দমকা হাওয়া দিচ্ছে তাই আগুন নিয়ন্ত্রণে আনতে আরও বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ইএম বাইপাসের ধারে আরুপোতায় একটি গ্যারেজে আগুন লেগেছিল। গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছিল। পর পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনার পরে আজ আবার আগুন ঘিরে আতঙ্ক ছড়াল ধাপায়।










