একের পর এক ঘটনা ঘটেই চলেছে। ফের খড়্গপুরে (Kharagpur) পড়ুয়ার রহস্যমৃত্যু। রবিবার মাঝরাতে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয় খড়্গপুর টাউন থানার পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম অনিকেত ওয়ালকার ও তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। পড়াশোনা সূত্রে বাংলা এসেছিলেন। ওসিয়ান ইঞ্জিনিয়ারিং এন্ড নভেল আর্কিটেকচারের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনিকেত। এই বছরেই উত্তীর্ণ হওয়ার কথা ছিল তার। কিন্তু তার মধ্যেই কেন এমন ঘটনা ঘটে গেল এই নিয়ে রীতিমত হকচকিয়ে গিয়েছে সকলেই।
সূত্রের খবর, জগদীশচন্দ্র বসু ভবনের সি ২১৪ নম্বর রুমে থাকতেন অনিকেত। তবে গতকাল সন্ধ্যা থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। সন্দেহ বাড়তে থাকায় সহপাঠীরা দরজা ধাক্কাতে শুরু করে। সাড়া না পেয়ে দরজা ভাঙতে শুরু করেন পড়ুয়ারা। দরজা ভেঙে ঢুকতেই তারা দেখেন সিলিং থেকে ঝুলছেন অনিকেত। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অনিকেতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আজ , সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে হবে মৃতের ময়নাতদন্ত। তবে ঠিক কী কারণে এমন ভাবে মৃত্যু হল পড়ুয়ার, আত্মহত্যা নাকি খুন সেটা এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, মাসখানেক আগেই একইভাবে IIT খড়্গপুরের হস্টেল থেকে উদ্ধার হয়েছিল এক পড়ুয়ার দেহ। তিনি কসবার বাসিন্দা ছিলেন।










