মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। সিলিন্ডার প্রতি দাম বাড়লো ৫০ টাকা। সোমবার গ্যাসের দাম নিয়ে এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই দামবৃদ্ধির থেকে রেহাই পেল না উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতারা। তাদেরও গুনতে হবে অতিরিক্ত টাকা।
সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। কিন্তু দামবৃদ্ধির ফলে তাদের ৫৫০ টাকা করে দিতে হবে প্রতিটি গ্যাসের জন্য। অন্য ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাদের দিতে হবে ৮৫৩ টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতি দু’ থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এলপিজির দামবৃদ্ধি করা হয়েছে।
কেন্দ্রীয় সরকার পেট্রল এবং ডিজেলের উপরেও ২ টাকা করে শুল্কবৃদ্ধি করেছে। এর ফলে এক লিটার পেট্রলের শুল্ক হয়েছে ১৩ টাকা। এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা।
প্রসঙ্গত, গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। সিলিন্ডার প্রতি দাম কমেছিল ৪১ টাকা। কিন্তু এদিন দাম বৃদ্ধির ঘোষনায় বিপাকে পড়েছে গৃহস্থ থেকে হোটেল, রেস্তোরাগুলিও।










